নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ধর্ষণ, ছিনতাই ও আদালতের পরোয়ানাভুক্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নাজমুল হাসান নামে এক আসামির কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক ও ধর্ষণ মামলায় দুইজন, আদালতের পরোয়ানাভুক্ত মামলায় একজন এবং ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের একটি মামলায় একজন এবং মাদক সেবনের অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার নাজমুল হাসানের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই অভিযানে ধর্ষণ মামলায় আছিকার মোল্লা (৪৫), আদালতের পরোয়ানাভুক্ত মামলায় স্বপন (৩৬) এবং ছিনতাইয়ের অভিযোগে রাব্বি মিয়া (২৪) ও ইমরান হোসেন (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মোবাইল কোর্টের মামলায় নিমিত ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

