ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে র্যাব-৪ সহায়তা প্রদান করে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. হালিম ওরফে বোচা হালিম (৫২), মো. শাহিন খাঁ (৪২) ও মো. নয়ন (৩২)।বুধবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতি করা স্বর্ণালংকারের মধ্যে প্রায় সাড়ে ছয় ভরি আট আনা স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কার্টার উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে হালিম ও শাহিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার ছায়ানীড় মার্কেট সংলগ্ন নয়ন জুয়েলার্সে অভিযান চালিয়ে ছয় ভরি আট আনা স্বর্ণালংকারসহ নয়নকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারদের দেখানো মতে হুমায়ুন কবিরের বাড়ির পাশের একটি ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় হুমায়ুন কবিরের বাসার জানালার গ্রিল কেটে ৫ থেকে ৬ সদস্যের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে নগদ প্রায় দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

