নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশিনপুর এলাকায় হামলা, নারীকে শ্লীলতাহানি এবং একই পরিবারের কয়েকজনকে কুপিয়ে আহত করার ঘটনার স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।
পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ সুপার বলেন, জেলাজুড়ে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
তিনি জানান, সমাজে অস্থিরতা সৃষ্টিকারী কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোঃ শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ মাহবুব আলম।

