নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলার এক আসামি ও মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ভোররাতে বন্দর থানাধীন রুপালী আবাসিক এলাকা ও এর আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় রুপালী আবাসিক এলাকা থেকে চুরির মামলার আসামি মাহিম (১৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ওয়াসার গলিতে আলীনুরের বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, মাহিমের বিরুদ্ধে গত ২৬ জুলাই বন্দর থানায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বন্দর থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এসআই সাব্বির আহমেদসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।

