ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরের লক্ষ্মণখোলা গ্রামের মদনপুর–নবীগঞ্জ মহাসড়কে এক বিকাশ ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ডিস্ট্রিবিউটার প্রতিদিনের লেনদেনের নগদ অর্থ নিয়ে নির্ধারিত গন্তব্যে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা ২-৩ জন সশস্ত্র ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। পালানোর সময় এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত সটকে পড়ে।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
এলাকাবাসী জানান, মদনপুর–নবীগঞ্জ সড়কে নিয়মিত পুলিশ টহল জোরদার না হলে এ ধরনের ঘটনা বন্ধ করা কঠিন হবে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

