ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির বর্ণাঢ্য র্যালিতে ব্যাপক নেতাকর্মী নিয়ে শক্তির জানান দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিতে দলটির সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির উদ্যোগে আয়োজিত এ র্যালি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা গোলাম ফারুক খোকনসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
র্যালিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও থানা থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে সমবেত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে তাঁদের অংশগ্রহণে র্যালির একটি বড় অংশ।
দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের উপস্থিতি তুলে ধরেছে।

