নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েকদিন পর এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। একই সঙ্গে মামলা গ্রহণে অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ ওঠায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
নিহত মো. জোবায়ের (১৮) পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। পাশাপাশি অবসরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন জোবায়ের। এ সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং ছুরিকাঘাত করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
জোবায়েরের বাবা জাহাঙ্গীর হোসেন সোমবার বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দক্ষিণ কলাবাগ এলাকার মেহেদী হাসান (২৫) ও কল্যাণদী খালপাড় এলাকার সজিব (২৭)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলা নিতে বিলম্ব ও ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ তুলে রোববার রাতে নিহতের স্বজন ও এলাকাবাসী জোবায়েরের মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনায় জড়িত মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য অভিযান চলছে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

