নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান প্রবেশ করলে তাঁর হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। শামীম ওসমানের দেশে ফেরা এবং আগামী ডিসেম্বরে নারায়ণগঞ্জে আসার ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই প্রকাশ্যে এমন কঠোর বক্তব্য দিলেন বিএনপির এই নেতা।
রোববার (১ নভেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ এলাকায় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি এবং শ্রমিক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে শামীম ওসমানের নাম উল্লেখ না করে তাঁকে উদ্দেশ করে টিপু বলেন, একজন ফ্যাসিস্ট নেতা ঘোষণা দিয়েছেন, তিনি ডিসেম্বরে নারায়ণগঞ্জে আসবেন। কামান কিংবা গোলাবারুদ তাঁকে আটকাতে পারবে না বলেও দাবি করেছেন। এর জবাবে টিপু বলেন, শামীম ওসমান একসময় বোরখা পরে পালিয়ে গেছেন। এবার নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারলে তাঁর হাত-পা ভাঙবে কি না, তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
টিপু বলেন, নারায়ণগঞ্জ থেকে চাঁদাবাজী লুটপাট করে পাঁচ হাজার কোটি টাকা নিয়ে গেছেন। জনগণের ভযে বোরখা পড়ে পালিয়েছে সাথে ছেলে, মেয়ে, বউ সহ সকলকে নিয়ে গেছেন । ভারতের হসপিটা শুয়ে শুয়ে ফাপড় দিয়ে লাভ নেই ।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দীর্ঘদিন ধরে জেলার আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে তাঁর প্রভাব ছিল ব্যাপক। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁকে নারায়ণগঞ্জে প্রকাশ্যে দেখা যায়নি।
সম্প্রতি বিদেশে তাঁর প্রকাশ্য রাজনৈতিক তৎপরতার খবর প্রকাশিত হওয়ার পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। গত আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ-সমর্থকদের একটি কর্মসূচিতেও তাঁর উপস্থিতি ছিলেন। সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়।

