ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ এপ্রিল। ২০১৪ সালের এই দিনে ভারতের দেরাদুনে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের জ্যেষ্ঠ সন্তান। ১৯৫৩ সালের ৩১ জুলাই নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) এ কে এম শামসুজ্জোহা ছিলেন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তার মা মরহুম বেগম নাগিনা জোহাও ছিলেন ভাষাসৈনিক।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নাসিম ওসমান। পরিবারের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে তার পথচলা শুরু হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেন।
তিনি শুধু মুক্তিযুদ্ধেই সীমাবদ্ধ ছিলেন না, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাতেও যুক্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
১৯৭৫ সালের ১৪ আগস্ট ছিল নাসিম ওসমানের বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল। পরদিন বঙ্গবন্ধুর কর্মসূচি থাকায় শেখ কামাল ওই রাতেই ঢাকায় ফিরে যান। পরিবারের সদস্যরা মনে করেন, তিনি নারায়ণগঞ্জে অবস্থান করলে ইতিহাস ভিন্ন হতে পারত।
পরবর্তীতে দেশের রাজনৈতিক বাস্তবতায় আশির দশকের শুরুতে নাসিম ওসমান জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
তিনি জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী হিসেবে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে মোট চারবার নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

