ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও ডিজিটাল শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’ এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উদ্যোগের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার এবং ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও মাসিককালীন ব্যবস্থাপনায় সহায়ক হবে। কালার কোটেড ডাস্টবিনের মাধ্যমে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে উঠবে।’
জেলা প্রশাসক বলেন, ‘টেকসই পানির বোতল ও সুইস পানি ফিল্টার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাবে। ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড কাগজবিহীন স্মার্ট শ্রেণিকক্ষ গড়তে ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রেণিকক্ষ থেকেই সচেতনতা শুরু করতে হবে।’
সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস গড়তে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়েছি। প্রথম ধাপে সদর উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এসব উপকরণ দেওয়া হলো। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হলে পরিবার ও সমাজও সচেতন হবে।’
অনুষ্ঠানে শিক্ষকেরা জানান, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে ছাত্রীদের উপস্থিতির হার বাড়বে। ডিজিটাল হোয়াইট বোর্ড পাঠদানকে আরও আকর্ষণীয় করবে। সুইস পানি ফিল্টারের মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত হবে।
এদিকে উপজেলা প্রশাসন জানায়, এই কর্মসূচির আওতায় শিক্ষকদের জন্য জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

