নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তাপুর ফ্লাইওভারের ওপর থেকে ভারী কংক্রিটের দুটি ব্লক খসে পড়ে এক ইজিবাইক চালক আহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফ্লাইওভারের ওপরের অংশ থেকে পাথর ও ঢালাইয়ের ভারী দুটি টুকরো হঠাৎ নিচে চলাচলরত একটি ইজিবাইকের ওপর পড়ে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে পঞ্চবটি-মুক্তাপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় কয়েকজন রাজমিস্ত্রির দাবি, ফ্লাইওভারের যেখান থেকে ঢালাইয়ের অংশ খসে পড়েছে, সেখানে কংক্রিটের সঙ্গে রডের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা দেখা গেছে। তাঁদের ধারণা, কংক্রিটের ভেতরে থাকা রডে মরিচা ধরলে এমনভাবে ঢালাইয়ের অংশ খুলে পড়তে পারে। এ কারণে ফ্লাইওভারের অন্যান্য অংশও পরীক্ষা করে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, ফ্লাইওভারের নিচ দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে ওপর থেকে নির্মাণসামগ্রীর অংশ খসে পড়ার ঘটনায় পথচারী ও চালকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে এ ঘটনাকে কংক্রিটের কাঠামোগত ত্রুটি হিসেবে দেখছেন না প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। পঞ্চবটি-মুক্তাপুর সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান জানান, এটি কংক্রিট স্পলিংয়ের ঘটনা নয়। নির্মাণকাজের সময় শ্রমিকদের ফেলে যাওয়া একটি ব্লক ওপর থেকে পড়ে ইজিবাইকের ক্ষতি হয়েছে এবং চালক আহত হয়েছেন। ফ্লাইওভারের অন্য কোনো স্থানে এ ধরনের সমস্যা নেই বলেও দাবি করেন তিনি।
তবে দুর্ঘটনার পর ফ্লাইওভারের ওপরের অংশের নিরাপত্তা ও নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

