নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসে ১৬ জন যাত্রী থাকলেও দ্রুত সবাই নেমে যাওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন দেওয়ার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই যুবক।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ইউটার্নে ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেঘলা পরিবহনের বাসটি ১৬ জন যাত্রী নিয়ে গাউছিয়া থেকে রাজধানীর কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। পথে মৌচাক এলাকায় পৌঁছালে দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। কিছুক্ষণ পর বাসটির পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

