নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, পোনা মাছ অবমুক্তকরণ, মশক নিধন ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া নাভানা মাঠ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। পরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, উৎপাদনমুখী রাজনীতির বিকাশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শকে ধারণ করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে পরিচিত। নব্বইয়ের দশকে এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে রাজপথের বিভিন্ন কর্মসূচিতে মহানগর যুবদলের নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাগর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে মহানগর যুবদল রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

