নারায়ণগঞ্জ শহরকে সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।
তিনি বলেন, পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যখন দেশে কোনো জনপ্রতিনিধি ছিল না এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি কার্যকর ছিল না, তখন নারায়ণগঞ্জের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামলে নিয়েছিল স্থানীয় ব্যবসায়ী সমাজ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারায়ণগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সঙ্গে জেলার সংসদ সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরার কথা উল্লেখ করে আবদুল্লাহ আল আমিন বলেন, নারায়ণগঞ্জ অত্যন্ত জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হলেও এখনো ক্যাটাগরি-১ জেলার মর্যাদা পায়নি। গাজীপুরের মতো নারায়ণগঞ্জেও মেট্রোপলিটন পুলিশ সার্ভিস চালু করা এবং ঢাকা মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, স্টেডিয়ামটি বছরের পর বছর ধরে জলাবদ্ধ ও অবহেলায় পড়ে রয়েছে। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে চেম্বার ও বিসিবির পরিচালকদের সঙ্গে নিয়ে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে সুসম্পর্কের সুফল জেলাবাসী পাবেন উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে একটি চমৎকার ওয়ার্কিং রিলেশন তৈরি হয়েছে। সিনিয়র সংসদ সদস্য আবুল কালামের কাছ থেকে তিনি সংসদীয় অভিজ্ঞতা নিচ্ছেন। আবার নারায়ণগঞ্জের বিভিন্ন কাজের প্রয়োজনে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সহযোগিতায় বিভিন্ন মন্ত্রণালয়ে একযোগে তদারকি করছেন।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সংসদ সদস্যদের এই সুন্দর সম্পর্কই আগামী দিনের শান্তিময় ও বৈষম্যহীন নতুন নারায়ণগঞ্জের মূল শক্তি হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

