নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যান্সারে আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী শিশু অর্নব চন্দ্র দাসের চিকিৎসায় ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সদর উপজেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) শিশুটির মা নিপা রানী দাসের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
আবেদন সূত্রে জানা যায়, ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা নিপা রানী দাসের শিশুপুত্র অর্নব এইচএলএইচ নামের ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে শিশুটির চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের জমানো অর্থ শেষ হয়ে যায়। এতে করে অর্নবের চিকিৎসা অব্যাহত রাখা পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে।
সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহায়তা চেয়ে গত ১৩ আগস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন শিশুটির মা।
পরে শিশুটির অসহায় পরিবারের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে সদর উপজেলা প্রশাসন চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় রোববার শিশুটির মায়ের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিশুটির ক্যান্সার চিকিৎসার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আবেদনটি পর্যালোচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরিবারটিকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

