নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ অভিযোগ করেছেন, চার বছর আগে ওসমান পরিবারের সদস্যরা তার রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছিল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর খানপুর হাসপাতাল রোডে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শাহেদ আহমেদ বলেন, “আপনারা জানেন, এখানে আমার বসার জায়গা। এখানে এসে ওসমান পরিবারের অয়ন ওসমান এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে এসে ভাঙচুর করেছে এবং গুলি করেছে।”
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে দমিয়ে রাখতে অতীতে নানা ধরনের হামলা ও ভয়ভীতির রাজনীতি করা হয়েছে। তবে এসব কর্মকাণ্ডের পরও যুবদলের নেতাকর্মীরা মাঠ ছেড়ে যাননি।
শাহেদ আহমেদ আরও বলেন, অপপ্রচার, ভয়ভীতি কিংবা হামলা চালিয়ে জনগণের রাজনীতি বন্ধ করা যাবে না। জনগণ এখন সচেতন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে।
প্রতিবাদ সমাবেশে মহানগর যুবদলের নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য পরিহার করে সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে মহানগর যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খানপুর হাসপাতাল রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

