নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং সাইবার হয়রানি প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে নির্যাতনের ঘটনায় বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তাঁরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ১৮ নবাব সলিমুল্লাহ রোডে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল, ‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’।
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক কানিজ ফাতেমা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আকতারী খাতুন, সংগ্রামী নারী ও মহিলা পরিষদের সদস্য কল্পনা আক্তার, কবি রাজলক্ষ্মী, এমএ শেষ পর্বের শিক্ষার্থী আইরিন হাসান ঝিলিক এবং হরিজন সম্প্রদায়ের তরুণ উদ্যোক্তা রুপা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এ সময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
তাঁরা আরও বলেন, ১৯৭০ সালের ৪ এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বেচ্ছাসেবাভিত্তিক, আন্দোলনমুখী ও অরাজনৈতিক গণনারী সংগঠন। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী ও মেয়ে শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
নারী-পুরুষ নির্বিশেষে সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ে সভা, পাঠচক্র, মতবিনিময়, সমাবেশ ও মানববন্ধনসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান তাঁরা। পাশাপাশি নির্যাতনের ঘটনায় তদন্ত, আইনগত সহায়তা, স্মারকলিপি ও বিবৃতি প্রদানের মাধ্যমেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তরুণ প্রজন্মের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হতে হবে এবং ভয় না পেয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সামনে এগিয়ে যেতে হবে।
সভায় অংশ নেওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধি ও পেশাজীবী নারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং প্রচার-প্রচারণা আরও জোরদার করার দাবি জানান। তাঁরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর উন্নয়নে মহিলা পরিষদের কার্যক্রম সম্পর্কে তাঁরা অবগত। তাঁদের পরিচিত অনেকেই সংগঠনটির কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। এ ধরনের উদ্যোগ সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় ৩৬ জন তরুণ-তরুণীসহ পেশাজীবী নারী ও জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ মিলিয়ে মোট ৬১ জন অংশগ্রহণ করেন।

