বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ৬ বছর হতে চললো। এতোদিনে জলই গড়িয়েছে গঙ্গা মেঘনা যমুনায়। সুশান্তের মৃত্যু নিয়েও এসেছে অনেক তথ্য। মামলায় এসেছে নানা বাঁকবদল। এবার তার পোস্টমর্টেম নিয়ে নতুন দাবি সামনে আনলেন বোন শ্বেতা সিং কীর্তি।
সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, সুশান্তের পোস্টমর্টেম করা ব্যক্তি তাকে জানিয়েছেন যে অভিনেতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
শ্বেতার দাবি, পোস্টমর্টেমে যুক্ত থাকা ওই ব্যক্তি তাকে বলেছেন, সুশান্তের ওপর বৈদ্যুতিক শক দেওয়ার মতো যন্ত্র ব্যবহার করা হয়েছিল। তার একটি পা ভেঙে গিয়েছিল। তার ওপর অনেকটা শক্তি প্রয়োগ করা হয়েছিল। এমনকি তার চোখেও আঘাত লেগেছিল বলে দাবি করেন শ্বেতা।
শ্বেতা বলেন, ‘আমরা সম্প্রতি জানতে পেরেছি ভাইয়ের পোস্টমর্টেম করা ব্যক্তি বলেছেন সেখানে বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ব্যবহার করা হয়েছিল। তার পা ভাঙা ছিল এবং তার ওপর অনেক শক্তি প্রয়োগ করা হয়েছিল। তার চোখেও আঘাত ছিল।’
তবে শ্বেতার এই বক্তব্যের স্বাধীন কোনো প্রমাণ প্রতিবেদনে দেওয়া হয়নি। এর আগে প্রকাশ্যে আসা তদন্ত-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হয়েছিল। ২০২৫ সালে সিবিআইয়ের দাখিল করা প্রতিবেদন নিয়েও আদালতে শুনানি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছিল, অন্য কারও প্ররোচনায় সুশান্ত আত্মহত্যা করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি তদন্তে।
সুশান্ত সিং রাজপুত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বাসায় মৃত অবস্থায় পাওয়া যান। তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও নানা দাবি সামনে আসে। পরে মামলার তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এদিকে সুশান্তের সাবেক ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনাতেও চলতি বছর নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এ ঘটনায় কোনো ব্যক্তিকে আসামি না করে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

