নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাস দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় মাসুমের গ্যারেজের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো যাত্রী পরিবহন শেষে মেঘলা পরিবহনের বাস দুটি গোলাকান্দাইল এলাকায় পার্কিং করে রাখা হয়েছিল। গভীর রাতে পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ১০ জন ব্যক্তি সেখানে আসে। পরে তারা সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই বাস দুটিতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম জানান, তাঁর বাস দুটি নিয়মিত মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেটধারী ১০ জন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন দেয়। এতে তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় নিজের সর্বস্ব হারানোর আক্ষেপও প্রকাশ করেন তিনি।
এদিকে, অগ্নিসংযোগের খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জু জানান, বাসে আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

