কলেরা প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে ‘প্রিভেনটিভ ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬’। শনিবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফজল মুহাম্মদ মুশিডুর রহমান।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনের আওতায় সদর উপজেলার সব ইউনিয়নের ১ বছর বয়স থেকে শুরু করে সব বয়সী মানুষকে দুই ডোজ করে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। তবে গর্ভবতী নারীরা এ টিকাদান কর্মসূচির আওতামুক্ত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মসূচি উদ্বোধনের পর সদর উপজেলার বিভিন্ন কলেরা ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন করেন সহকারী পরিচালক (সিডিসি) ডা. মাসুদ রেজা খান, সহকারী অধ্যাপক ডা. জুবায়ের ইবনে জায়েদ এবং মেডিকেল অফিসার (ডিজিএইচএস) ডা. মো. নাঈম উদ্দীন।
এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট লুৎফর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লবসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২২ আগস্ট থেকে সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে ভ্যাকসিন গ্রহণের আগে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ভ্যাকসিন গ্রহণে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইট vaxepi.gov.bd-এ প্রবেশ করে নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন করার পর নির্ধারিত কেন্দ্র থেকে দুই ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণ করা যাবে।
কলেরা প্রতিরোধে সদর উপজেলার বাসিন্দাদের দ্রুত অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময় ও কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

