নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২১ জুন) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থী বিভিন্ন অনিয়ম এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে খায়রুল ইসলাম সজীবকে জাতীয়তাবাদী যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নেতারা জানান, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে দল আপসহীন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগ ও বিতর্ককে কেন্দ্র করে সজীবের বিরুদ্ধে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের নির্দেশনা অতীতেও বিভিন্ন বহিষ্কারাদেশে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে কেন্দ্রীয় যুবদলের এ সিদ্ধান্ত এলো। সজিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে । তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় বিভিন্ন চাঁদাবাজী সহ বিভিন্ন অভিযোগে আজ তাকে বারিধারার বাসা থেকে আটক করে পুলিশ। এর পরে নারায়ণগঞ্জ এসপি অফিস থেকে ঢাকা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

