নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে নিজ কর্মস্থল আদালতপাড়ায় যাচ্ছিলেন অ্যাডভোকেট মুনির উদ্দিন। পথে ২ নম্বর রেলগেট এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জের আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, প্রবীণ আইনজীবী মুনির উদ্দিনের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

