নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা রাকিব হাসান রিফাতকে (২২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর সহযোগী জাহিদ হাসান রনিকে (৩০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের টাইগার রুলিং মিলস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিফাত ও রনিকে আটক করা হয়।
অভিযানে রিফাতের শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে তাঁর সহযোগী রনির কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।
গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। অপরদিকে জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রিফাত শিমরাইল ট্রাক টার্মিনাল ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ডিবি পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

