নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো চারটি কৌটাসদৃশ বস্তু ফেলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তুগুলো দেখতে ককটেলের মতো মনে হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন কার্যালয়ে থাকা নেতাকর্মীরা। তবে পুলিশ জানিয়েছে, বস্তুগুলোর মধ্যে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।
শনিবার (১৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি একটি অটোরিকশায় করে এসে কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো চারটি কৌটাসদৃশ বস্তু ফেলে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে বিষয়টি নজরে এলে কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুগুলো ককটেল কি না, তা নিয়ে তৈরি হয় উদ্বেগ।
পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ব্যক্তিরা বস্তুগুলো একটি পানিভর্তি বালতিতে ভিজিয়ে রাখেন। প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও কোনো বিস্ফোরণ বা অস্বাভাবিক ঘটনা না ঘটায় পরে সেগুলো পাশের একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়।
এ বিষয়ে এম এ হালিম জুয়েল জানান, রাত আনুমানিক ১০টার দিকে তাঁরা কার্যালয়ে বসে ছিলেন। এ সময় অটোরিকশায় আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কার্যালয়ের সামনে কৌটাসদৃশ বস্তুগুলো রেখে চলে যান। বিষয়টি দেখে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিরাপত্তার কথা চিন্তা করে সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়।
তিনি আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ পাওয়া যায়নি। পরে থানায় যোগাযোগ করা হলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়। পরদিন সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বস্তুগুলোতে কোনো বিস্ফোরক কিংবা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এগুলো সেখানে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা বস্তুগুলো খুলে ফেলেন। কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

