নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে হাইব্রিড নেতাকর্মীদের দাপট। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতন সহ্য করে যারা রাজপথে সক্রিয় ছিলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর তারাই এখন দলীয় মূল্যায়ন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলছেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত অনেকেই এখন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। ফলে নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরে ত্যাগী বনাম সুবিধাবাদীদের দ্বন্দ্ব ক্রমেই আলোচনায় আসছে।
দলীয় নেতাকর্মীদের একটি অংশের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে যারা বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না, এমনকি বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন, তাদের অনেকেই এখন বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তার করছেন। কেউ কেউ গুরুত্বপূর্ণ নেতাদের ঘনিষ্ঠ হয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব রাখছেন। অথচ দুঃসময়ে যারা মামলা-মোকদ্দমা মাথায় নিয়ে রাজপথে ছিলেন, তাদের অনেকেই এখন উপেক্ষিত।
বিশেষ করে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের ঘিরে নতুন নতুন বলয় তৈরির অভিযোগ উঠেছে। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, এসব বলয়ের কারণে সাধারণ কর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের দূরত্ব বাড়ছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা চাইলেও অনেক সময় নেতাদের কাছে পৌঁছাতে পারছেন না। বিপরীতে নতুন করে ঘনিষ্ঠতা তৈরি করা একটি অংশ দ্রুত প্রভাবশালী হয়ে উঠছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার সঙ্গে প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদসহ জেলার গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। তবে জেলা বিএনপির তৃণমূলের একটি অংশের অভিযোগ, নেতৃত্বের আশপাশে এমন একটি বলয় তৈরি হয়েছে, যেখানে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের তুলনায় নতুন করে ঘনিষ্ঠ হওয়া ব্যক্তিরা বেশি গুরুত্ব পাচ্ছেন।
অধ্যাপক মামুন মাহমুদ জেলা বিএনপির আহ্বায়ক হওয়ার পাশাপাশি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাসুকুল ইসলাম রাজীবও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। ফলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে শীর্ষ নেতাদের সময় দেওয়া, তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং নেতাকর্মীদের সমস্যা শোনার বিষয়গুলো নিয়েও আলোচনা রয়েছে।
তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন, দীর্ঘদিন যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের সাংগঠনিক অবস্থান কতটুকু শক্তিশালী হয়েছে? আর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর যারা বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন, তাদের প্রভাব কেন এত দ্রুত বাড়ছে?
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে ঘিরেও রয়েছে নানা আলোচনা। মহানগর বিএনপির এই দুই শীর্ষ নেতার নেতৃত্বে দলীয় কার্যক্রম পরিচালিত হলেও তৃণমূলের একটি অংশের অভিযোগ, শীর্ষ নেতৃত্বের আশপাশে আলাদা বলয় তৈরি হয়েছে। ফলে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব বাড়ছে।
সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আবু আল ইউসুফ খান টিপুও মহানগর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ঘিরে থাকা নেতাকর্মীদের একটি অংশের প্রভাব এবং বিভিন্ন পর্যায়ে নতুন করে জায়গা করে নেওয়া ব্যক্তিদের ভূমিকা নিয়ে দলের ভেতরে প্রশ্ন রয়েছে।
মহানগর বিএনপির তৃণমূলের একাংশের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে যারা নিয়মিত আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, মামলা ও হামলার শিকার হয়েছেন, তাদের অনেকেই এখন প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছেন না। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়া কিংবা অন্য রাজনৈতিক দল থেকে আসা কিছু ব্যক্তি দ্রুত প্রভাবশালী হয়ে উঠছেন।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশা ছিল, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর দল সাংগঠনিকভাবে তাদের মূল্যায়ন করবে। যারা দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাদের নেতৃত্বে আনা হবে। ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ত্যাগ ও রাজনৈতিক অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে।
কিন্তু বাস্তব চিত্র নিয়ে এখন প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের দাবি, দলের বিভিন্ন পর্যায়ে পদ-পদবি ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের চেয়ে ব্যক্তিগত যোগাযোগ, অর্থনৈতিক সক্ষমতা এবং শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বেশি গুরুত্ব পাচ্ছে।
এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। কেউ কেউ সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন বলেও দাবি করছেন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে দলের ভেতরে বিভক্তি আরও বাড়বে এবং তৃণমূলের সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়বে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি রাজনৈতিক দলের জন্য সুসময়ে নতুন কর্মী যুক্ত হওয়া স্বাভাবিক। তবে নতুনদের অন্তর্ভুক্তি এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মধ্যে ভারসাম্য থাকা জরুরি। অন্য রাজনৈতিক দল থেকে কেউ বিএনপিতে যোগ দিলে তার রাজনৈতিক অতীত, ভূমিকা ও কর্মকাণ্ড যাচাই করাও গুরুত্বপূর্ণ।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে দলের ভেতরে আস্থা ফিরিয়ে আনা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা এবং সুবিধাবাদী রাজনীতির অভিযোগ থেকে সংগঠনকে বের করে আনা।
তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন, ১৭ বছর যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন কি শেষ পর্যন্ত হবে? নাকি রাজনৈতিক সুসময় আসার পর নতুন করে তৈরি হওয়া প্রভাবশালী বলয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিএনপির সাংগঠনিক রাজনীতি?
সব মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে এখন আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীরা কি তাদের প্রাপ্য সম্মান ও সাংগঠনিক মূল্যায়ন পাবেন, নাকি হাইব্রিডদের দাপটে আরও কোণঠাসা হয়ে পড়বেন?

