নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাবিবুর রহমান হাবিব (৫৫) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক। তিনি সরকারি তোলারাম কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি ফতুল্লার কাশিপুর খিল মার্কেটের দক্ষিণ গোয়ালবন্দ এলাকায়।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকা থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে এসআই নন্দন কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে খিল মার্কেট এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার হাবিব জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এবং সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্রীড়া সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

