নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬০ হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেটকারসহ রিফাত ওরফে হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিফাত ওরফে হৃদয় ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শরিফ মিয়া।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা, নগদ ৬০ হাজার টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেটকার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

