নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাফি পরিবহন শ্রমিক নেতা হাজী মো. বজলুর রশীদ রিপনের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে বাবা হাজী রিপন ও ছেলে রাফিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তাঁরা। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে রাফির বিরুদ্ধে সাত থেকে আটটি মামলা রয়েছে।
রাফির বাবা হাজী রিপন একসময় জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
এদিকে, ২০১৮ সালের ২৫ জানুয়ারি জামতলার বাসায় অভিযান চালিয়ে ২২০টি ইয়াবা উদ্ধারের ঘটনায় হাজী রিপন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তিনিও জামিনে মুক্তি পান।

