নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে পৃথক দুটি স্থানে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। রাতের আঁধারে মোটরসাইকেলে এসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে ৯ জনের একটি দল নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশনে আসে। সেখানে রাখা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
একই রাতে উপজেলার হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। তবে দুটি ঘটনায় বাসের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

