নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরেছেন।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে রিফাতুল্লাহ (৩৫) ও শাহজাহানের (৪০) শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
স্থানীয়দের দাবি, সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও মোবারক হোসেন দুজনই আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এ নিয়ে তাঁদের অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল। সেই বিরোধের জের ধরেই মিছিল শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মিছিল শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন। ঢাকা মেডিকেলে পাঠানো দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

