দীর্ঘ ১৭ বছর ধরে যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন এবং দলের দুঃসময়ে পাশে থেকেছেন, তাঁদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে হবে। তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের উপেক্ষা করে দল থেকে দূরে সরিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ও অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাতের সাংগঠনিক পদ স্থগিতের প্রতিবাদে আয়োজিত মৌন মিছিল শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আনোয়ার প্রধান বলেন, “যেসব নেতৃবৃন্দ অবৈধভাবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমার এবং শেখ আনজুম আহমেদ রিফাতের বিএনপির মূল্যবান ও গর্বিত পদ স্থগিত করেছেন, তাঁদের প্রতি ধিক্কার ও নিন্দা জানাই। পাশাপাশি তাঁদের আহ্বান জানাতে চাই, আপনারা আমাদের পদ স্থগিত করেছেন। তারপরও আমি আমার পথে মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে সবার সঙ্গে খোলামেলাভাবে চলাফেরা করছি। আপনাদের যদি পদ চলে যায়, আপনারা কি এভাবে খোলামেলাভাবে চলাফেরা করতে পারবেন?”
তিনি আরও বলেন, “আপনাদের জানা উচিত, পদ চিরস্থায়ী নয়। আপনারা নারায়ণগঞ্জ বিএনপিকে কলঙ্কিত করেছেন। বিএনপি আপনাদের ১৭ বছরের সংগ্রামের মূল্যায়ন করবে, এটা ঠিক। কিন্তু আমাদের প্রতি এবং জনগণের প্রতি যে অবিচার করেছেন, বিএনপি তার প্রতিদান দেবে। সেদিন কিন্তু আপনারা আমাদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না।”
দলীয় নেতাদের সতর্ক করে আনোয়ার প্রধান বলেন, “এখনো সময় আছে। বিএনপির নেতাকর্মীদের পদ নিয়ে ছিনিমিনি খেলবেন না।”
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন, তাঁদের অবদান ভুলে গেলে চলবে না।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার প্রধানের সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ স্থগিত করা হয় বলে তিনি জানান। একই ঘটনায় মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাতের সাংগঠনিক পদও স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তাঁদের সমর্থকেরা মৌন মিছিল করেন।

