ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে নারায়ণগঞ্জের সাবেক যুবদল নেতাকর্মীদের নিয়ে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ র্যালিতে নারায়ণগঞ্জ থেকে খোরশেদের নেতৃত্বে নেতাকর্মীরা যোগ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন ও নুরুল হক চৌধুরী দিপুসহ স্থানীয় নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণ শেষে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে খোরশেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসে নেতৃত্ব দিয়ে দেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করেছিলেন। তিনি সেদিন নেতৃত্ব না দিলে বাংলাদেশ আবারও স্বাধীনতা হারিয়ে ভারতের করদ রাজ্যে পরিণত হওয়ার আশঙ্কা ছিল।
তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনের চেতনা জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা জোগায়।
ঐতিহাসিক এ দিবস উপলক্ষে ঢাকার র্যালিতে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেন খোরশেদ ও তাঁর অনুসারীরা।

