নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। ডাকাতদের বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হয়েছেন এক প্রতিবেশী। এ সময় বাড়ির এক বৃদ্ধাকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নিয়ে নদীপথে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (২৮ জুন) ভোররাতে ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রতিবেশী গিয়াস উদ্দিন (৪৮) ও বাড়ির সদস্য বিউটি আক্তার (৬৫)। তাদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে ১৪ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল ধলেশ্বরী নদীপথে ট্রলারে এসে বাড়ির নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
একপর্যায়ে বাড়ির বৃদ্ধা সদস্য বিউটি আক্তার চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করার চেষ্টা করলে ডাকাতরা তাকে মারধর করে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে।
এ সময় ডাকাতির বিষয়টি টের পেয়ে প্রতিবেশী গিয়াস উদ্দিন ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়ে। গুলির একটি বল তার কাঁধে বিদ্ধ হয়। পরে ডাকাতরা লুট করা মালামাল নিয়ে ট্রলারে করে ধলেশ্বরী নদীপথে পালিয়ে যায়।
খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, গিয়াস উদ্দিনের কাঁধে বিদ্ধ শর্টগানের বল অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। আহত বিউটি আক্তারও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে শর্টগানের একটি খোসা উদ্ধার করেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ডাকাতরা নদীপথ ব্যবহার করে ঘটনাস্থলে আসে এবং একই পথ দিয়ে পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযানে নেমেছে পুলিশ। দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

