কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি এবং দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নবাব সিরাজউদ্দৌলা সড়ক হয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার বলেন, বিএনপির নেতাকর্মীরা সব সময় রাজপথে থাকার জন্য প্রস্তুত। তাঁরা কখনো ‘খেলা হবে’ বলে বোরখা পরে পালিয়ে যান না।
তিনি আরও বলেন, ‘হাসিনা কোনো ইস্যু নয়। তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন, সেটি আমরা জানি না। জানতেও চাই না। আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন, তারা অন্য কেউ নন, তারা ভারত।’
ভারতের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ডলার বলেন, ‘সাত ভাই চম্পা আমরা ছবি দেখেছি। আপনারা যদি আমাদের বাংলাদেশকে অশান্ত করতে চান, আপনাদের সাত বোনের সংসার কিন্তু আমাদের পাশেই বহমান। তারাও অশান্তিতে ভোগবে।’
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম এবং সহসাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, যুবদল নেতা হাসানসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

