জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলার উপজেলাগুলোর মধ্যে সাফল্যের শীর্ষে উঠে এসেছে আড়াইহাজার। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতি ও সর্বোচ্চ সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চার মাসের কার্যক্রম মূল্যায়নে আড়াইহাজার উপজেলা দুবার সর্বোচ্চ সাফল্য অর্জন করে। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবীর ইউএনও মো. আসাদুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা গ্রহণের পর ইউএনও মো. আসাদুর রহমান বলেন, এই স্বীকৃতি এককভাবে উপজেলা প্রশাসনের অর্জন নয়; বরং ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ আড়াইহাজারের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ কাজে সহযোগিতার জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলায় প্রায় এক লাখ জন্মনিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।
আড়াইহাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের এই অগ্রগতি নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

