নারায়ণগঞ্জ শহরে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল বের করেন।
শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কারের দাবি তোলেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
মিছিলটি চাষাঢ়া থেকে শুরু হয়ে ২ নম্বর রেলগেট ঘুরে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবার চাষাঢ়ায় এসে শেষ হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সড়কে নামলেও তাদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক ছেড়ে শান্তিপূর্ণভাবে মিছিল করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

