১৫ আগস্টকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। মহানগর বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, ১৫ আগস্ট উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যদি নারায়ণগঞ্জের শান্তিপূর্ন পরিবেশ নষ্ট করার চেষ্টা করে কিংবা কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। মহানগর বিএনপির নেতাকর্মীরা এ বিষয়ে সতর্ক ও প্রস্তুত রয়েছে।
টিপু বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কোনো উসকানি বা অপ্রীতিকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সেদিকেও নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মহানগর বিএনপির এই নেতা বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। তাই ১৫ আগস্টের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালন করা হবে। তবে কেউ যদি কর্মসূচির সুযোগ নিয়ে নাশকতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে দলীয়ভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এদিকে ১৫ আগস্টকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

