নারায়ণগঞ্জে বন্ধ তিনটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও আইনানুগ পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে ফতুল্লার টাগারপাড়ে বন্ধ ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ। বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন এবং সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, ফতুল্লার টাগারপাড় শিল্পাঞ্চলে অবস্থিত ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেড গত ১ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া মজুরি আটকে রয়েছে। অন্যদিকে, গত জুন মাসে সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড বন্ধ হওয়ার পর শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধ করা হয়নি। একইভাবে গত ২০ অক্টোবর রিচ প্লাস নিটওয়্যার লিমিটেড বন্ধ করে শ্রমিকদের পাওনা বকেয়া রাখা হয়েছে।
তাঁদের অভিযোগ, তিন কারখানার শ্রমিকেরা ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর, বিকেএমইএ ও ফতুল্লা থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে, মালিকপক্ষও বারবার সময় নিয়েও পাওনা পরিশোধ করছে না।
শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন ও পাওনা না পেয়ে শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন। বাড়িভাড়া, দোকানের বকেয়া বিল, সন্তানের লেখাপড়ার খরচ ও চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। শ্রম দিয়ে মালিকদের মুনাফা অর্জনে ভূমিকা রাখার পরও নিজেদের ন্যায্য পাওনা আদায়ে তাঁদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে।
তাঁরা আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে অনেককে নির্যাতন, গুলিবিদ্ধ হওয়া ও মামলার শিকার হতে হয়। অথচ কারখানা বন্ধ করে শ্রমিকদের পাওনা আটকে রাখার ঘটনায় দায়ী মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখা যায় না। এ ধরনের দ্বিমুখী আচরণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়িয়ে তুলছে।
সমাবেশ থেকে নেতারা অবিলম্বে ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট চালু, শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া মজুরি পরিশোধ এবং সেঞ্চুরি অ্যাপারেলস ও রিচ প্লাস নিটওয়্যারের শ্রমিকদের সব আইনানুগ পাওনা পরিশোধের দাবি জানান। পাশাপাশি শ্রম আইন লঙ্ঘনকারী মালিকদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের পাওনা আদায়ে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। সমাবেশ থেকে নেতৃবৃন্দ নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপন করেন:
১. ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬ মাসের সম্পূর্ণ বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. বন্ধ ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেড কারখানা দ্রুত চালু করতে হবে এবং শ্রমিকদের কর্মসংস্থান ও চাকরির নিশ্চয়তা দিতে হবে।
৩. বন্ধ সেঞ্চুরি এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের সকল আইনানুগ পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে।
৪. বন্ধ রিচ প্লাস নীটওয়্যার লিমিটেডের শ্রমিকদের সকল আইনানুগ পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে।
৫. তিনটি কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকপক্ষের টালবাহানা বন্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৬. শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের মজুরি ও আইনানুগ পাওনা আটকে রাখা এবং বেআইনিভাবে কারখানা বন্ধের সঙ্গে জড়িত দায়ী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৭. শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের আন্দোলনে হয়রানি, ভয়ভীতি ও মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ এবং কারখানা চালুর কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মালিকপক্ষ, প্রশাসন ও শ্রম দপ্তরের প্রতি জোর দাবি জানান। অন্যথায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

