নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে সদর মডেল থানার ১ নম্বর বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার একটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির একটি বসতঘর থেকে পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ রাজনকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘MADE IN USA’ লেখা রয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই সাদ্দাম মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।
গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন বাবুরাইল এলাকার ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

