দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ কার্যক্রম। প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় শনিবার (১৩ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি পার্কে একটি সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।
প্রথম ধাপে ঝাউ, বেল, অর্জুন, সোনালু, জারুল, মেহগনি ও পাকুড়সহ বিভিন্ন প্রজাতির মোট আট ধরনের গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নগর এলাকায় সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসিক প্রশাসক বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরে সারাদেশে ৫ কোটি গাছ রোপণ করা হবে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ৫০ হাজার গাছ লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। এজন্য রোপণকৃত গাছগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। জেলার বিভিন্ন খাল পুনঃখননের পর খালের দুই পাড়ে তাল, খেজুর, চালতা, নারকেল ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে সাখাওয়াত হোসেন খান বলেন, রোপণকৃত গাছগুলোর দেখভালের জন্য নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর দায়িত্ব অর্পণ করা হবে। পাশাপাশি পরিচর্যার সঙ্গে যুক্তদের প্রয়োজনীয় সম্মানী প্রদানের ব্যবস্থাও রাখা হবে, যাতে দীর্ঘমেয়াদে কর্মসূচির সুফল পাওয়া যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আজগর হোসেন, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ফরিদ আহমেদ মিরাজ, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সবুজ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নাগরিকদেরও বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

