নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষিকাকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম একরামুন্নেছা বিউটি।
পূর্বশত্রুতার জেরে হামলা, অভিযোগ ভুক্তভোগীর : হামলার শিকার শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিজের ইচ্ছেমতো গঠন করতে চেয়েছিলেন বিএনপি নেতা আফজাল মোল্লা। তখন তিনি এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। সেই থেকেই তার ওপর ক্ষোভ পুষে রেখেছিলেন আফজাল মোল্লা। তিনি অভিযোগ করেন, সেই ক্ষোভ থেকেই বুধবার দুপুরে ঠুনকো অজুহাতে লাইব্রেরিতে ঢুকে তার ওপর চড়াও হন আফজাল। এসময় তাকে কিল-ঘুসি মেরে আহত করা হয়। শিক্ষিকা আরও জানান, ঘটনার সময় অন্য শিক্ষকরা বাধা দিতে এলে তাদেরও ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন অভিযুক্ত।
বহিষ্কার করলো বিএনপি: ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আফজাল মোল্লাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি। দল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লাকে সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্য পদ ও সকল দলীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হলো। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের কেউ অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

