নারায়ণগঞ্জে প্রতিবেশি নিরাপত্তা কমিটি (প্রনিক)-এর সদস্যদের সঙ্গে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রনিকের বিভিন্ন কার্যক্রম, জননিরাপত্তা এবং নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রনিকের প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হুমায়ন কবির রিপন, সদস্য সচিব আহসান হাবিব বিপুল, সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, আলমগীর আজিজ ইমন এবং গোলাম মোতুজা।
সাক্ষাৎকালে তারা নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার নিরাপত্তা, নাগরিক সমস্যা, পরিবেশগত উন্নয়ন এবং স্থানীয় জনগণের বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। এ সময় এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে প্রশাসন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির নাগরিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রনিকের ভূমিকার প্রশংসা করেন এবং জনস্বার্থে গৃহীত ইতিবাচক উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অপরদিকে, প্রনিকের নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

