নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দশজনকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের দেওয়া হবে বই, বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট। আর প্রথম স্থান অধিকারী পাবে ‘ত্বকী পদক ২০২৬’। পাশাপাশি বিজয়ী প্রথম দশটি লেখা ও চিত্রকর্ম নিয়ে প্রকাশ করা হবে স্মারকগ্রন্থ ‘ত্বকী’।
ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিমা আজাদ জানান, রচনা প্রতিযোগিতায় ৫ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ বিভাগে ‘আমার স্কুল’ বিষয়ে সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে। ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ বিভাগে ‘শিশু নির্যাতন চাই না’ বিষয়ে সর্বোচ্চ ৬০০ শব্দ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘গ’ বিভাগে ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ বিষয়ে সর্বোচ্চ ১ হাজার ৫০০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ এবং ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় উন্মুক্ত রাখা হয়েছে। ৭ম থেকে ১০ম শ্রেণির ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীর প্রতিকৃতি’। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত।
কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ আকারের কাগজে ছবি আঁকতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে স্পষ্টভাবে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।
রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬। খামের ওপর স্পষ্ট অক্ষরে প্রতিযোগীর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখতে হবে। এর সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
আয়োজকরা জানান, ত্বকীর স্মৃতি ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিশু-কিশোরদের শিল্প ও সাহিত্যচর্চায় উৎসাহিত করতেই প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

