ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে জুলাই আন্দোলনের স্মৃতি, প্রত্যাশা-প্রাপ্তি এবং শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া জুলাইয়ের চেতনা ও প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. আবুল হাশিম। তিনি বলেন, জুলাই আন্দোলনে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং ভবিষ্যতেও দেশ, জাতি ও মানবতার কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহা. ইয়াছিন আরাফাত, দাওয়াহ সম্পাদক মুহা. আবিদ হাসান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা. সাকিব হাসান, কওমী মাদ্রাসা সম্পাদক মুহা. জাকওয়ান আহমেদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক আবু বকর সিদ্দিকী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ হোসাইন আহমাদ, কার্যনির্বাহী সদস্য মুহা. ফজলুল করীমসহ থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

