নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলকে ঘিরে একের পর এক বিতর্কিত ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীকে হুমকি, অডিও কল ফাঁস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও, সব মিলিয়ে সংগঠনটির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে অস্বস্তি। বিব্রত হচ্ছে খোদ বিএনপি। গত ২১ জুন নারায়ণগঞ্জ জেলা যুবদলের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ হেফাজতে নেয়। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার নাটকীয়তার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তৎকালীন সময়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছিলেন, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থেই তাকে আটক করা হয়েছিল। সজীবকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। গত ১১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই অডিওতে একজন ব্যবসায়ীর সঙ্গে ঠিকাদারি-সংক্রান্ত বিষয়ে কথোপকথনের সময় অশালীন ভাষা ব্যবহার এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরও আগে সাহেদ আহমেদের নামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে একজন ব্যক্তিকে মাদক সেবনের মতো দৃশ্যে দেখা যায়। তবে ভিডিওটিতে থাকা ব্যক্তি সত্যিই সাহেদ আহমেদ কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। এক পক্ষ দাবি করছে ভিডিওর ব্যক্তি সাহেদ আহমেদ, অন্য পক্ষ সেই দাবি অস্বীকার করছে। এ বিষয়ে এখনো কোনো তদন্ত প্রতিবেদন বা সরকারি নিশ্চিত বক্তব্য প্রকাশ হয়নি। স্বল্প সময়ের ব্যবধানে যুবদলের বিভিন্ন নেতাকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসায় সংগঠনটির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ঘটনা শুধু স্থানীয় পর্যায়েই নয়, কেন্দ্রীয় নেতৃত্বের জন্যও অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।
কি হচ্ছে নারায়ণগঞ্জ যুবদলে? একের পর এক বিতর্কে অস্বস্তিতে বিএনপি
Leave a Comment

