নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের অধীনে শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। পাশাপাশি তাদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চিকিৎসায় ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এতে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। রোগীদের প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রত্যেক শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করছেন।
অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুনের ধোঁয়া দ্রুত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের শ্বাসকষ্ট দেখা দেয়। এতে তাদের শ্বাসনালিতে আঘাত লাগে। এ ছাড়া আগুনের আতঙ্কে ছোটাছুটি এবং মানসিক ধকলের কারণেও অনেকে অসুস্থ হয়ে পড়েন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় অনেক শিক্ষার্থী বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। আশা করা হচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা অথবা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে। বর্তমানে ভর্তি থাকা অন্য শিক্ষার্থীদের অবস্থাও পর্যবেক্ষণে রয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ভবনের ব্যবহার নিয়ে প্রশ্নের জবাবে এমএ মুহিত বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু মাদ্রাসায় নয়, বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনেও ঘটছে। অনেক ক্ষেত্রে যে উদ্দেশ্যে ভবন নির্মাণ করা হয়, পরবর্তী সময়ে সেটি ভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে ভবনের নকশা, অগ্নিনিরাপত্তা ও ব্যবহারবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, মাদ্রাসাটির ভবনটিও সম্ভবত মাদ্রাসা পরিচালনার জন্য বিশেষভাবে নির্মিত নয়। আবাসিক ভবনকে শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে রূপান্তর করা হয়ে থাকতে পারে। এ ধরনের ঝুঁকি কমাতে ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে নিয়মকানুন আরও কঠোরভাবে কার্যকর করা প্রয়োজন।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ওই তলায় থাকা মাদ্রাসার লাইব্রেরিটি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এতে ওপরের তলাগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় মোট ৮৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। চিকিৎসা শেষে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

