নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস হাসানের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রমাণসহ তা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে এসব কথা বলেন ইদ্রিস হাসান।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আওয়ামী লীগ বা দলটির কোনো অঙ্গ, সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে তার কখনো কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। তার রাজনৈতিক পরিচয়কে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ইদ্রিস হাসান বলেন, ‘আমি যদি আওয়ামী লীগের কোনো মিটিং, মিছিল, কর্মসূচি বা সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হয়ে থাকি, তাহলে কবে, কোথায় এবং কীভাবে যুক্ত ছিলাম—তার সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হোক। অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।’
নিজের রাজনৈতিক অতীতের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রভাবের কারণে তাকে পরপর দুইবার কারাবরণ করতে হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
তার বক্তব্য, যে সময় তিনি রাজনৈতিকভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই সময়ের একজন ভুক্তভোগীকেই এখন আওয়ামী লীগের কর্মী বা সহযোগী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেন তিনি।
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা তথ্য ও অপবাদ ছড়ানোর সমালোচনা করে ইদ্রিস হাসান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে কারও রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হতে পারে না।
বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের বিরুদ্ধেও সতর্ক করে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য শুধু বক্তব্য কিংবা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দলের সিদ্ধান্ত, নেতৃত্ব ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই প্রকৃত আনুগত্যের প্রমাণ পাওয়া যায়।
ইদ্রিস হাসান আরও অভিযোগ করেন, যারা তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছেন, তাদের নিজেদের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়েও সিদ্ধিরগঞ্জের মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। তবে ব্যক্তিগত আক্রমণ তার উদ্দেশ্য নয় বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণসহ তা প্রকাশ্যে আনা হোক। তথ্য-প্রমাণের ভিত্তিতে যেকোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত।’
সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইদ্রিস হাসান বলেন, কোনো একটি পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে অভিযোগের সত্যতা যাচাই করা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ইদ্রিস হাসান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত স্বার্থ কিংবা দলীয় পরিচয়কে ব্যবহার করে একজন জাতীয়তাবাদী কর্মীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শেষ পর্যন্ত সত্যই প্রকাশ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

