গ্রাহকসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং গ্যাস সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়ায় তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ে ‘গণশুনানি-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর ব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা, কৌশল ও রিসোর্সেস মোবিলাইজেশন) প্রকৌশলী বিশ্বজিৎ সাহা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের সেবার মান বাড়ানো এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ গণশুনানির আয়োজন। এর মাধ্যমে গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রাহকদের সমস্যা ও অভিযোগের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে।
গণশুনানিতে নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় গ্রাহক, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা গ্যাস সরবরাহসহ বিভিন্ন সেবা সংক্রান্ত অভিযোগ, ভোগান্তি ও নিজেদের মতামত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক (নারায়ণগঞ্জ) প্রকৌশলী সত্যজিৎ ঘোষ। এ সময় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক প্রকৌশলী গোলাম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

