নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসচ্ছল ও দুস্থ পরিবারের জন্য ১৭ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৬০০ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মান্নান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা। তিনি বলেন, নির্বাচনের পর স্বল্প সময়ের মধ্যেই সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ।
এছাড়া অনুষ্ঠানে সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, সাবেক যুবদল নেতা হারুন-অর-রশিদ মিঠুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুদান বিতরণ কার্যক্রম শেষে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরবর্তীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

