ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন এ সুবিধা পায়নি বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরে তিনি জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার ইউনিয়নগুলোতে উন্নয়নের প্রয়োজন নেই—সরকারের কাছে এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত রয়েছে কি না।
সংসদে প্রশ্ন উত্থাপনকালে আব্দুল্লাহ আল আমিন বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের প্রতিটি নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়নেই এ বরাদ্দ দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, সরকারের কাছে এমন কোনো তথ্য বা প্রতিবেদন আছে কি না, যেখানে বলা হয়েছে বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার ইউনিয়নগুলোতে উন্নয়নের প্রয়োজন নেই, অথচ শুধু সরকারি দলের সংসদ সদস্যদের এলাকার ইউনিয়নেই উন্নয়ন প্রয়োজন।
জবাবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী এলাকায় ইউনিয়ন পরিষদ রয়েছে কি না, সে বিষয়ে তাঁর নিশ্চিত ধারণা নেই। তবে দুই-একটি ইউনিয়ন থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। মসজিদ, মন্দির, অবকাঠামো ও ইউনিয়ন পরিষদের উন্নয়নে বরাদ্দসংক্রান্ত চিঠি মঙ্গলবারের মধ্যেই বিরোধী দলের সব সংসদ সদস্যের কাছে বিরোধীদলীয় নেতার দপ্তরের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের হতাশ না হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

